শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন ইরানি যুদ্ধজাহাজের ক্রু’রা
![]()
নিউজ ডেস্ক
শ্রীলঙ্কার হাতে উদ্ধার হওয়া দুই ইরানি যুদ্ধজাহাজের দুই শতাধিক ক্রু’কে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লঙ্কার ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
গত ৪ মার্চ মার্কিন এক সাবমেরিনের ছোড়া টর্পেডোর আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা’র ৩২ ইরানি ক্রু’কে জীবিত উদ্ধার করেছিল শ্রীলঙ্কা।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ চলাকালেই ভারতে একটি মহড়া শেষে দেশে ফিরছিল দেনা, পথিমধ্যে নৌযানটি মার্কিন হামলার মুখে পড়ে।
পরদিন ৫ মার্চ, দ্বিতীয় আরেকটি ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহর ‘ইঞ্জিনে সমস্যা’ পেয়ে কলম্বোর সহায়তা চাইলে ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপদেশটি তাতে সাড়া দিয়ে ওই ইরানি নৌযানের ২০৮ ক্রু’কেও উদ্ধার করে।
“দুটি যুদ্ধজাহাজের ক্রু’রা মঙ্গলবার রাতে আনুমানিক ১১টার দিকে বিশেষ এক ফ্লাইটে চলে গেছেন,” শ্রীলঙ্কার উপ-প্রতিরক্ষামন্ত্রী অরুনা জয়াসেকারা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন।
ক্রু’দের কলম্বোতে নামানোর পর আইআরআইএস বুশেহরকে শ্রীলঙ্কার পূর্ব উপকূলের ত্রিনকোমালি উপকূলের জলসীমায় টেনে নিয়ে যাওয়া হয়, শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে সেটি গন্তব্যে পৌঁছায়।
“জাহাজটি পরিচালনায় সহায়তায় ৮-১০ জন ইরানি ক্রু নৌযানটিতে রয়ে গেছেন,” বলেছেন জয়াসেকারা।
উদ্ধার করা ক্রু’দের ৩০ দিনের ভিসা দেওয়ার পাশাপাশি তাদেরকে নিজেদের নৌ ও বিমানবাহিনীর ক্যাম্পে রেখেছিল শ্রীলঙ্কা। পরে তাদের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়।
মার্কিন টর্পেডো হামলায় আইআরআইএস দেনার নিহত ৮৪ ক্রু’র মৃতদেহ উদ্ধার করেছিল শ্রীলঙ্কা। জোগাড় করা একটি চার্টার্ড বিমানে করে ইরান সেই মৃতদেহগুলোও ফেরত নিয়ে গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।