অশান্ত ভারতের মণিপুরে ফের উত্তেজনা, বিষ্ণুপুরে কারফিউ বহাল
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় অস্থিরতা কমছেই না। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর আরও কঠোর হয়েছে কর্তৃপক্ষ। প্রশাসন জেলায় এক পর্যায়ে ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়। তবে সোমবার সকাল ৫টা থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। ফের গুরুতর শান্তিভঙ্গের আশঙ্কায় জেলা প্রশাসন সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে।
দ্য টেলিগ্রামের অনলাইন সংস্করণ জানিয়েছে, গত ৭ এপ্রিল বোমা হামলায় দুই শিশু নিহত হওয়ার ঘটনায় বিপর্যস্ত বিষ্ণুপুর। এর মধ্যেই মঙ্গলবার বিকেলে গুজবের জেরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ইম্ফল থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, বোমা হামলায় দুই শিশু নিহত হওয়ার প্রতিবাদে স্থানীয়রা বিষ্ণুপুরের থিংগুঙ্গেই এলাকায় বিক্ষোভ করলে সহিংসতার সূত্রপাত হয়। অস্ত্র বহনকারী সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা সম্পর্কে যাচাইবিহীন খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, নিরাপত্তাকর্মীদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে ক্ষতিকর ও যাচাইবিহীন গুজব ছড়ানোর জেরে দুপুর দেড়টার দিকে থিংগুংগেই-এর কাছে স্থানীয়রা একটি নিরাপত্তা দলকে বাধা দেয়।
বিবৃতিতে বলা হয়েছে, একদল জনতা জড়ো হয়ে নিরাপত্তা বাহিনীর গাড়িগুলো থামিয়ে দেয়। পরিস্থিতি আরও খারাপ হয় যখন ভিড়ের কিছু সদস্য সহিংস হয়ে ওঠে এবং নিরাপত্তাকর্মীদের দুটি গাড়িতে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। কর্মীদের আটক করার চেষ্টাও করা হয়েছিল।
এতে বলা হয়, এলাকায় দ্রুত অতিরিক্ত বাহিনী পাঠানো হয় এবং আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য কাঁদানে গ্যাসসহ ন্যূনতম প্রয়োজনীয় শক্তি ব্যবহার করে ভিড় ছত্রভঙ্গ করা হয়।
সংঘর্ষের সময় বেশ কয়েকজন আহত হন। পুলিশ জানিয়েছে, এই সহিংসতার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অগ্নিসংযোগ, বেআইনি সমাবেশ ও নিরাপত্তা বাহিনীকে বাধা দেওয়ার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।