বান্দরবানের লামায় তীব্র গরমে ১৮ শিক্ষার্থী হিটস্ট্রোকে অসুস্থ
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত কয়েক দিন ধরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসুস্থতার ঘটনা বাড়ছে। এর আগে তিন দিন আগে একই বিদ্যালয়ের আরও ৬ জন শিক্ষার্থী হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিল।
হিটস্ট্রোকে আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—ষষ্ঠ শ্রেণির সাদিয়া আক্তার, জান্নাতুল মাওয়া, জুনাইদুল ইসলামসহ ৬ জন, সপ্তম শ্রেণির শামীমা আক্তার, ইয়াসিন আরাফাতসহ ৭ জন, অষ্টম শ্রেণির শাহিদা বেগম ও তাসনিমা আক্তার এবং দশম শ্রেণির সং লেং ম্রো, ফাতেমা আক্তার ও শিফা আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে তাপমাত্রা বৃদ্ধি এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিদ্যালয়ে গরমে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থীরা পানিশূন্যতায় ভুগে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতি পূর্ণ বড়ুয়া জানান, দুপুর ১২টার দিকে প্রথমে ষষ্ঠ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারায়। পরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১৮ জন শিক্ষার্থী একইভাবে হিটস্ট্রোকে আক্রান্ত হয়।
পরে শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাদিম মাহমুদ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন, তবে হাসপাতালে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। অন্যদিকে, বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসীম উদ্দীন জানান, বিষয়টি তার জানা নেই, তবে তিনি খোঁজ নিচ্ছেন।
উল্লেখ্য, তীব্র গরম ও পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় পাহাড়ি অঞ্চলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, যা সংশ্লিষ্টদের দ্রুত নজরে আনা জরুরি বলে মনে করছেন অভিভাবকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।