আর্জুগিরি বনবিহারের কঠিন চীবর দানোৎসবে সেনাবাহিনীর উপহার, সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের আর্জুগিরি বনবিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উপলক্ষে পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের করল্যাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। এ সময় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ক্যাম্প কমান্ডার বিহারটি পরিদর্শন করেন। এ সময় তিনি বিহারের ধর্মীয় গুরু, আয়োজক কমিটির সদস্য এবং স্থানীয় দায়ক-দায়িকাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। পাশাপাশি উৎসবের সার্বিক প্রস্তুতি, আয়োজন এবং নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ক্যাম্প কমান্ডার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ঐতিহ্য বজায় রেখে উৎসবটি শান্তিপূর্ণ, আনন্দঘন ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সব সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের সব জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক বজায় রাখা এবং তাদের ধর্মীয় ও সামাজিক উৎসবে পাশে থাকা সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ন রাখতে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।
স্থানীয়দের সঙ্গে সেনাবাহিনীর এ ধরনের যোগাযোগ ও ধর্মীয় উৎসবে উপস্থিতি পারস্পরিক সৌহার্দ্য, আস্থা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।