বরকলের বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান অনুদান দিল বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির বরকল উপজেলার একটি বৌদ্ধ বিহারের কঠিন চীবর দান অনুষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিজিবির চলমান জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয়।
রবিবার (১৫ নভেম্বর) সকালে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)-এর উদ্যোগে ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ অনুদান প্রদান করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান উপলক্ষে ব্যাটালিয়ন জোন অধিনায়কের পক্ষ থেকে ব্রহ্মপুর ভাবনা কুটির বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির হাতে অনুদান তুলে দেওয়া হয়।
এ সময় বরকল ব্যাটালিয়নের নায়েব সুবেদার মো. মিন্টু খান উপস্থিত ছিলেন। তিনি বিহার পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় কার্বারি বিনিময় চাকমার হাতে অনুদানের অর্থ তুলে দেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে স্থানীয় সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে বিজিবির মানবিক ও সম্প্রীতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি পার্বত্য অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতার মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিজিবি এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।