রাঙামাটির স্বাস্থ্যসেবায় নতুন অধ্যায়, জাপান ও ইউএনডিপির সহায়তায় বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটির স্বাস্থ্যখাতে যুক্ত হলো আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন এক অধ্যায়। জাপান সরকারের অর্থায়ন এবং ইউএনডিপির কারিগরি সহায়তায় নির্মিত ‘হেলথ কেয়ার ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট’-এর উদ্বোধন করা হয়েছে, যা পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনাকে আরও নিরাপদ ও পরিবেশবান্ধব করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেলে রাঙামাটি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্ল্যান্টটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি।

তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম দেশের প্রতিটি প্রান্তে ইতিবাচক পরিবর্তন আনছে এবং স্বাস্থ্যখাতে নেওয়া এ ধরনের উদ্যোগ টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ইতোমধ্যে ২৬টি সরকারি হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করা হয়েছে। এটি দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী উদ্যোগ।
তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারি আমাদের শিক্ষা দিয়েছে যে চিকিৎসাসেবার পাশাপাশি সংক্রামক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনাও জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আন্তর্জাতিক সহযোগিতার ভূমিকার প্রশংসা করে মন্ত্রী জাপান সরকার, কানাডীয় হাইকমিশন এবং ইউএনডিপির প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, এসব অংশীদারিত্ব বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং, জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন তাকাহাশী নাওকি, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এবং রাঙামাটির সিভিল সার্জন ড. নূয়েন খীসাসহ স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।