সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: লোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মে) সকালে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের চিকনচাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন পাড়া থেকে আসা তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন এর মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা প্রদান করে।

এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ছাতা বিতরণ করা হয়। উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরে স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের নির্মাণকাজে সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়।
এদিন উক্ত মানবিক কার্যক্রম পরিদর্শন করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. খাদেমুল ইসলামসহ পদস্থ সেনা কর্মকর্তারা।

এসময় রিজিয়ন কমান্ডার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পাহাড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এসময় তিনি পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহিংসতার পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।