মাজার ও খানকায় হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
![]()
নিউজ ডেস্ক
ঢাকার শাহ আলী বোগদাদী (রহঃ) মাজার-সহ দেশব্যাপী অলি-আউলিয়াদের মাজার ও খানকায় হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের বনরূপা জামে মসজিদের সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেয় আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা শাখা। এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মো. আখতার হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সুলতান মাহমুদ আল ক্বাদেরী এবং হাফেজ মাওলানা নঈম উদ্দিন আল ক্বাদেরী প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, মাজার ও খানকায় হামলাকারীরা নিজেদের ‘তৌহিদি জনতা’ পরিচয়ে সংগঠিত হয়ে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা প্রশ্ন তোলেন—এই ‘তৌহিদি জনতা’ আসলে কোন মতাদর্শের অনুসারী। বক্তাদের দাবি, যারা মাজারে হামলা চালায় তারা প্রকৃত মুসলমান হতে পারে না এবং এ ধরনের কর্মকাণ্ড ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি।

তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে শতাধিক মাজার ও খানকায় হামলার ঘটনা ঘটেছে, যা ‘মব সন্ত্রাস’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা এম এ মুস্তফা হেজাজী বলেন, “কোনো মাজারে যদি অবৈধ কিছু ঘটে থাকে, সেটি দেখার দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর। কিন্তু অভিযোগ না জানিয়ে একটি গোষ্ঠী ‘তৌহিদি জনতা’ নাম ব্যবহার করে হামলা চালাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি সতর্ক করে বলেন, সরকার দ্রুত ব্যবস্থা না নিলে আহলে সুন্নাত ওয়াল জমা’আত নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে।
মানববন্ধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।