খাগড়াছড়িতে পিসিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বত্য চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি, পতাকা উত্তোলন ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বুধবার সকালে খাগড়াছড়ি শহরের মহাজন পাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টাউন হলে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
পরবর্তীতে টাউন হল মিলনায়তনে আয়োজিত ছাত্র সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর চুক্তি চুক্তি স্বাক্ষরকারী আওয়ামীলীগ সরকার প্রায় দীর্ঘ দুই দশক ক্ষমতায় থাকলেও পূর্ণাঙ্গ চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি বিমল চাকমা। এছাড়া বক্তব্য দেন সংগঠনটির সহ সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুদর্শন চাকমা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক আল কাদেরি জয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি শুভ দেবনাথ এবং হিল উইমেন্স ফেডারেশন-এর আহ্বায়ক মায়া চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা (ঝিমিত)।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায়সঙ্গত অধিকার, ভূমি সমস্যার সমাধান এবং চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ছাত্রসমাজকে আরও ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিতে হবে।
তারা অভিযোগ করেন, চুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা এখনও বাস্তবায়িত হয়নি, যার ফলে পার্বত্য অঞ্চলের জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ছাত্র, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।