খাগড়াছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
![]()
নিউজ ডেস্ক
ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন, ভূমি সমস্যার সমাধান এবং পাহাড়ের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

বুধবার (২০ মে ২০২৬) সকালে খাগড়াছড়ি জেলা শহরের লারমা স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কলিন চাকমা।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভার উদ্বোধন করেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা। সভায় পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি বিজয় চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সুমন্ত চাকমা।

অনুষ্ঠানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা।
এছাড়া বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক বিজয় চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা এবং সহ-সভাপতি লবিয়ত চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে এখনও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়নি।

এসময় বক্তারা আরও বলেন, নিরপেক্ষ ভূমি কমিশনের কার্যকর ভূমিকা না থাকায় পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের ভূমি সমস্যারও সমাধান হচ্ছে না। বক্তারা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরে সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভায় সংগঠনের নেতারা পিসিপি গঠনের ইতিহাস, প্রেক্ষাপট ও পার্বত্য অঞ্চলে ছাত্র আন্দোলনের ভূমিকা সম্পর্কেও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।