বান্দরবানের থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানা ঘেরাওয়ের চেষ্টা
অভিযুক্ত বিজয় বড়ুয়া
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলায় বিজয় বড়ুয়া (১৫) নামে এক কিশোরের বিরুদ্ধে ৫ বছরের এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (২৪ মে) সকালে উপজেলা সদরের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বিজয় বড়ুয়া একই এলাকার রেখা বড়ুয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বিজয় বড়ুয়া ত্রিপুরা সম্প্রদায়ের শিশুটিকে একা পেয়ে তার নিজ বাড়ীতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরদিন সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা থানচি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় স্থানীয়দের পাশাপাশি কিছু উশৃঙ্খল যুবক থানা থেকে অভিযুক্ত ওই কিশোরকে ছিনিয়ে নিতে চেষ্টা করে, স্থানীয়দের উসকানি দেয় বলে খবর পাওয়া গেছে। পরবর্তীতে আইন-শৃঙ্খলা শান্ত রাখার স্বার্থে স্থানীয় বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গিয়ে স্থানীয়দের শান্ত করার চেষ্টা করে।
এসময় বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন থানায় গিয়ে ধর্ষণের শিকার শিশুটির মা-বাবা ও স্থানীয় গন্যমান্যদের সাথে কথা বলেন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের বিষয়ে সর্বাত্নক সহায়তার আশ্বাস দেন।
তিনি বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, বিজিবি কখনো কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না; বরং সেনা ও পুলিশ বাহিনীর সাথে সমন্বয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে।
থানচি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, নতুন পাড়া এলাকায় ৫ বছরের এক ত্রিপুরা কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত বিজয় বড়ুয়াকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উত্তেজিত জনতা থানা ঘেরাও করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সহায়তার জন্য বিজিবি মোতায়েন করা হয়।
এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, স্থানীয় বড়ুয়া ছেলে কর্তৃক একই এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। প্রকৃত ঘটনা উৎঘাটন শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, ত্রিপুরা সম্প্রদায়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বড়ুয়া কিশোরকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে থানা এলাকায় কিছুটা হট্টগোল করলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভুক্তভোগী শিশুকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।