‘সবার জন্য ঈদুল আজহা’ কর্মসূচি বাস্তবায়ন: বান্দরবানে পিসিসিপি’র গোশত বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখার উদ্যোগে ‘সবার জন্য ঈদুল আজহা’ শীর্ষক কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গরু কুরবানি এবং অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়।
শুক্রবার (২৯ মে) ঈদুল আজহার দ্বিতীয় দিনে বান্দরবান শহরে অবস্থিত পিসিসিপির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও কুরবানির গোশত উপহার হিসেবে বিভিন্ন স্তরের জনশক্তি, অসহায় ও দুঃস্থ ব্যক্তি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী নওমুসলিম পরিবারসহ প্রায় শতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল, সহ-সভাপতি জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সৈকতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঈদুল আজহার কুরবানি মানুষের মধ্যে ত্যাগ, সংযম, সহমর্মিতা এবং বৈষম্যহীন সমাজ গঠনের শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব।
এসময় নেতৃবৃন্দ জেএসএসের সশস্ত্র সদস্যদের হাতে নিহত ওমর ফারুক ত্রিপুরার আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও সন্ত্রাসমুক্ত পরিবেশ প্রতিষ্ঠায় সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নেতারা আরও বলেন, কুরবানির মহৎ শিক্ষা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আত্মত্যাগ, দায়িত্ববোধ এবং বৃহত্তর স্বার্থে কাজ করার প্রেরণাও জোগায়। সেই চেতনা ধারণ করে মাতৃভূমি, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষাংশে পিসিসিপি নেতৃবৃন্দ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের অসহায় ও অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।