উ. কোরিয়ার পরমাণু শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ভারতের আপত্তি, ক্ষুব্ধ কিম!
![]()
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত চার দেশের জোট ‘কোয়াড’-এর পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তারা কখনোই নিজেদের পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতির প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২৮ মে) কিম জং উন সরকারের পক্ষ থেকে এই কড়া বার্তা দেওয়া হয়।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের দেশের পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি কখনোই ঘটবে না। কোয়াডের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এটি একমেরুকেন্দ্রিক আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্রের কৌশল বাস্তবায়নের একটি রাজনৈতিক ও কূটনৈতিক হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। এ সময় কোয়াডের বৈরী মনোভাবের দৃঢ় নিন্দা জানিয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করে, এমন সব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানায় পিয়ংইয়ং।
বিবৃতিতে উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন, কোয়াডের সহযোগিতা জোরদার করার এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো জাপানের পুনরায় অস্ত্রসজ্জা এবং অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন অর্জনের বিষয়টিকে ন্যায্যতা দেওয়া। তবে উত্তর কোরিয়া যেকোনো মূল্যে নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষা করে যাবে এবং এই অঞ্চলে একচেটিয়া জোট ও সংঘাতের তীব্র বিরোধিতা অব্যাহত রাখবে।
পিয়ংইয়ংয়ের এমন কঠোর অবস্থানের বিষয়ে দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা মন্তব্য করেছেন। তিনি জানান, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই কোয়াড জোটকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্ভাব্য এশীয় সংস্করণ হিসেবে বিবেচনা করে আসছে এবং বারবার এর সমালোচনা করেছে। সিউলের মতে, উত্তর কোরিয়ার এবারের প্রতিক্রিয়া মূলত জাপান ও অস্ট্রেলিয়াকে লক্ষ্য করে দেওয়া হয়েছে, যা একইসঙ্গে চীনের অবস্থানের প্রতি তাদের সমর্থনেরও পরিষ্কার ইঙ্গিত দেয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।