দীপেন দেওয়ানের পদত্যাগের দাবির প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ ও সমাবেশ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের দাবির প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “বাঘাইছড়ি উপজেলার সর্বস্তরের জনগণ” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সোমবার (১ জুন) বিকেলে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রধান সড়কে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা “মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ মানি না, মানবো না”সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশ চলাকালে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং মন্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত পদত্যাগের দাবির নিন্দা ও প্রতিবাদ করেন। তারা দাবি করেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীপেন দেওয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ফলে তার বিরুদ্ধে পদত্যাগের দাবি পার্বত্যবাসীর প্রত্যাশা ও জনমতের প্রতিফলন নয়।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রাখতে দীপেন দেওয়ানের নেতৃত্ব প্রয়োজন। তারা অভিযোগ করেন, তার পদত্যাগের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে এবং এ ধরনের দাবি পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করতে পারে।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণের স্বার্থে এবং চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দীপেন দেওয়ানকে দায়িত্বে বহাল রাখা প্রয়োজন। এ কারণে তার পদত্যাগের যেকোনো দাবি প্রত্যাহারের আহ্বান জানান তারা।
এদিকে, সোমবার (১ জুন) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এর ফলে মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সরকারের কার্যক্রমের গতি ও কার্যকারিতা বজায় রাখার স্বার্থে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগের আবেদন করেন।
উল্লেখ্য, দীপেন দেওয়ানের পদত্যাগের ঘোষণার পর পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। একই দিনে রাঙামাটি শহরেও তার পদত্যাগকে কেন্দ্র করে বিএনপি ও সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।