ব্রাসেলসে প্রথমবার তালেবান প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে ইইউ
![]()
নিউজ ডেস্ক
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে প্রথমবারের মতো আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এই বৈঠককে তালেবানকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও ইউরোপীয় রাজনীতিকরা।
মঙ্গলবার (২৩ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে ইউরোপীয় কমিশন এবং ইইউর ১৫টি সদস্য রাষ্ট্রের কর্মকর্তারা অংশ নেন। ইইউ জানিয়েছে, আফগানিস্তানের ‘ডি ফ্যাক্টো কর্তৃপক্ষের’ সঙ্গে সীমিত পরিসরে এই আলোচনা মূলত প্রত্যাবাসন ও পুনর্বাসন সংক্রান্ত বিষয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র জানান, গত জানুয়ারিতে কাবুলে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতায় ব্রাসেলসে এই কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রত্যাবাসন ও পুনর্বাসন বিষয়ক দায়িত্বপ্রাপ্ত তালেবান প্রতিনিধিরা অংশ নেন।
অন্যদিকে, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার বিষয়বস্তু শুধু প্রত্যাবাসনে সীমাবদ্ধ ছিল না। ইইউতে সম্ভাব্য কনস্যুলার উপস্থিতি, ইউরোপে বসবাসরত আফগান নাগরিকদের জন্য কনস্যুলার সেবা পুনরায় চালু এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির বিষয়ও আলোচনায় উঠে এসেছে।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেন, এই বৈঠক বিদেশে অবস্থানরত আফগানদের কনস্যুলার অধিকার রক্ষায় ইতিবাচক অগ্রগতির আশা তৈরি করেছে।
ইইউর পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব আফগান নাগরিক ইউরোপে থাকার বৈধ অধিকার হারিয়েছেন, তাদের প্রত্যাবর্তন ও পুনর্বাসনই আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল।
তবে তালেবান প্রতিনিধিদলের এই সফর মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছে। সমালোচকদের দাবি, এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ তালেবানকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথে সহায়তা করতে পারে এবং আফগান জনগণের মানবাধিকার পরিস্থিতিকে উপেক্ষা করার ঝুঁকি তৈরি করে।
জার্মানির গ্রিন পার্টির ইউরোপীয় পার্লামেন্ট সদস্য হান্না নিউম্যান বলেন, প্রতিটি আমন্ত্রণ, প্রতিটি ভিসা এবং প্রতিটি আনুষ্ঠানিক বৈঠক একটি রাজনৈতিক বার্তা বহন করে। তালেবান কারিগরি আলোচনা নয়, বৈধতা চায়।
বেলজিয়াম সরকার তালেবান প্রতিনিধিদের কেবল এক দিনের জন্য দেশে প্রবেশের অনুমতি দেয়। একই সঙ্গে তাদের শেনজেন অঞ্চলে অবাধ চলাচলের সুযোগ না দিয়ে সফরকে শুধু বেলজিয়ামের ভেতরে সীমাবদ্ধ রাখা হয়।
উল্লেখ্য, ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে তালেবান সরকার নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও চলাচলের স্বাধীনতার ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এসব পদক্ষেপের কঠোর সমালোচনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।