আসামে ১০ বাংলাদেশি নাগরিক আটক, পরিচয়পত্র দেখাতে না পারার দাবি পুলিশের
![]()
নিউজ ডেস্ক
ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পাল্টন বাজার এলাকা থেকে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তিরা বৈধ পরিচয়পত্র ও ভ্রমণসংক্রান্ত নথিপত্র দেখাতে ব্যর্থ হন। পরে পাল্টন বাজার থানার পুলিশ তাদের আটক করে এবং পরবর্তী যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়ার জন্য বর্ডার পুলিশের কাছে হস্তান্তর করে।
এক পুলিশ কর্মকর্তা দাবি করেন, “আটক ব্যক্তিদের পরিচয় যাচাই সম্পন্ন হয়েছে। তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন। এখন তাদের সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হবে।”
এ ঘটনায় ওই ব্যক্তিরা যে আবাসিক লজে অবস্থান করছিলেন, সেটিকেও তদন্তের আওতায় আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, লজটির মালিক হৃদয় ডেকার বিরুদ্ধে প্রয়োজনীয় পরিচয়পত্র সংগ্রহ ও যাচাই না করেই তাদের থাকার অনুমতি দেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত ১৯ জুন গুয়াহাটির আর্য নগর এলাকা থেকে একই ধরনের অভিযানে ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছিল। সেসময়ও তারা বৈধ পরিচয় ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি বলে দাবি করেছিল পুলিশ। যাচাই-বাছাই শেষে তাদেরও সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয় বলে জানানো হয়েছিল।
পুলিশ জানিয়েছে, শহরে চলমান যাচাই-বাছাই অভিযানের অংশ হিসেবে অবৈধভাবে অবস্থানকারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।