আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ
![]()
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্পারসোকে আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন।
রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর প্রধান কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে তিনি আকস্মিকভাবে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা কার্যক্রম, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত ব্রিফিং উপস্থাপন করেন।
ব্রিফিং শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়নে স্পারসোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এজন্য প্রতিষ্ঠানটিকে আধুনিক প্রযুক্তিনির্ভর, যুগোপযোগী ও স্বনির্ভর গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তি বিষয়ে গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান। দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন খাতে স্পারসো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।