রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয়, উন্নয়ন কার্যক্রম জোরদার এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে রাঙামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করা হয় কাপ্তাই জোনের রাজস্থলী সাব-জোনের তত্ত্বাবধানে।
নিয়মিত মাসিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন রাজস্থলী সাব-জোন অধিনায়ক মেজর মো. হাফিজ।
সম্মেলনে স্থানীয় হেডম্যান ও কারবারীদের সঙ্গে মতবিনিময় করেন সাব-জোন অধিনায়ক। এ সময় তিনি তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনার বিষয়ে অবহিত হন এবং উন্নয়ন কার্যক্রমে স্থানীয়দের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে মেজর মো. হাফিজ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে রণজয়ী-৩৮ অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ অঞ্চলে দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, কাপ্তাই জোনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলন স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক হবে।
মেজর হাফিজ বলেন, “আপনাদের সহযোগিতা নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই। দুর্গম এলাকার যেসব মানুষ এখনো আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, তাদের একবিংশ শতাব্দীর আধুনিক সেবার আওতায় আনতে আমরা কাজ করছি। ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।”
তিনি এলাকার শান্তি, স্থিতিশীলতা ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে রাজস্থলী সাব-জোনের জেসিও ওয়ারেন্ট অফিসার তৌহিদ, ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন মৌজা থেকে আগত ৪ জন ইউপি সদস্য, ৫ জন হেডম্যান, ৫৩ জন কারবারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পার্বত্যাঞ্চলে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান ও কারবারীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভার মাধ্যমে সেনাবাহিনী জনসম্পৃক্ততা বৃদ্ধি, সমস্যা চিহ্নিতকরণ এবং টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।