সরকার দাম কমালেও রাঙামাটির বাজারে কমেনি এলপিজির মূল্য, ভোক্তাদের ক্ষোভ

সরকার দাম কমালেও রাঙামাটির বাজারে কমেনি এলপিজির মূল্য, ভোক্তাদের ক্ষোভ

সরকার দাম কমালেও রাঙামাটির বাজারে কমেনি এলপিজির মূল্য, ভোক্তাদের ক্ষোভ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সরকার ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমানোর ঘোষণা দিলেও তার প্রভাব এখনো পড়েনি রাঙামাটির খুচরা বাজারে। নতুন মূল্য কার্যকর হওয়ার পরও জেলার বিভিন্ন বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার আগের দামেই বিক্রি হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা।

বৃহস্পতিবার (২ জুলাই) রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি ও বনরূপা বাজার ঘুরে দেখা যায়, সরকার নির্ধারিত নতুন মূল্যে কোথাও ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে না। অধিকাংশ দোকানে এখনও আগের মূল্যেই সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।

সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তবে বাস্তবে রাঙামাটির বাজারে সেই মূল্য কার্যকর হয়নি। কয়েকজন ক্রেতা জানান, দাম কমানোর সরকারি ঘোষণা সত্ত্বেও তাদের ১২ কেজির একটি সিলিন্ডার ১ হাজার ৭৫০ টাকায় কিনতে হয়েছে।

ভোক্তাদের অভিযোগ, এলপিজির দাম বাড়ানোর ঘোষণা এলেই ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে বাড়তি দামে বিক্রি শুরু করেন। কিন্তু দাম কমানোর সিদ্ধান্ত কার্যকর করতে নানা অজুহাত দেখানো হয়। তাদের দাবি, সরকারি নির্ধারিত মূল্য দ্রুত বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের কার্যকর নজরদারি প্রয়োজন।

একজন ক্রেতা বলেন, “দাম বাড়লে সঙ্গে সঙ্গে আমাদের বেশি টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু দাম কমার পরও সেই সুবিধা আমরা পাই না। সরকার যেহেতু নতুন মূল্য নির্ধারণ করেছে, সেটি যেন দ্রুত কার্যকর হয়, সেই ব্যবস্থা নেওয়া উচিত।”

অন্যদিকে বিক্রেতারা বলছেন, সরকারের নতুন মূল্য ঘোষণা করা হলেও ডিলার পর্যায়ে এখনো আগের দামে এলপিজি সরবরাহ করা হচ্ছে। ফলে তারা বাধ্য হয়ে পুরোনো দামেই সিলিন্ডার বিক্রি করছেন।

স্থানীয় ডিলার মো. জসিম উদ্দিন বলেন, সরকার নতুন দাম নির্ধারণ করলেও কোম্পানিগুলো এখনো তাদের কাছে সে অনুযায়ী সরবরাহ বা নির্দেশনা দেয়নি। তিনি বলেন, “আমরা কোম্পানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি, রোববার থেকে নতুন দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডার ভোক্তাদের কাছে বিক্রি করা সম্ভব হবে।”

এদিকে ভোক্তারা দ্রুত সরকারি নির্ধারিত মূল্য বাস্তবায়নের পাশাপাশি বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন, যাতে কোনো অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করতে না পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *