৪০ বছরেও বিদ্যুৎ পৌঁছায়নি কালাপাকুজ্জ্যা ইউনিয়নে, সংযোগের দাবিতে মানববন্ধন
![]()
নিউজ ডেস্ক
ইউনিয়ন প্রতিষ্ঠার চার দশক পেরিয়ে গেলেও এখনো বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত রাঙামাটির লংগদু উপজেলার কালাপাকুজ্জ্যা ইউনিয়নের বাসিন্দারা। দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান ঘটিয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কালাপাকুজ্জ্যা ইউনিয়নে “আলো চাই, উন্নয়ন চাই, আমাদের এলাকায় দ্রুত বিদ্যুৎ সংযোগ চাই” স্লোগানে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন স্থানীয় জনপ্রতিনিধি আবু তালেব, ব্যবসায়ী জাহাঙ্গীর, কামরুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, ইউনিয়নের পাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ থাকলেও মাত্র দুই কিলোমিটার দূরত্বের কারণে কালাপাকুজ্জ্যা ইউনিয়নের মানুষ আজও বিদ্যুতের আলো থেকে বঞ্চিত। স্বাধীনতার দীর্ঘ সময় পরও এবং ইউনিয়ন প্রতিষ্ঠার ৪০ বছর পেরিয়ে গেলেও বিদ্যুতের মতো মৌলিক সেবা না পাওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
তাদের ভাষ্য, বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা রাতে ঠিকভাবে পড়াশোনা করতে পারে না। ক্ষুদ্র ব্যবসা, কুটির শিল্প এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও সম্ভব হচ্ছে না। ফলে এলাকার সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
বক্তারা আরও বলেন, বর্তমান যুগে বিদ্যুৎ একটি মৌলিক অবকাঠামোগত সুবিধা। কিন্তু সরকার পরিবর্তন হলেও কালাপাকুজ্জ্যা ইউনিয়নের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বছরের পর বছর নানা প্রতিশ্রুতি মিললেও বাস্তবে বিদ্যুৎ সংযোগের কোনো অগ্রগতি হয়নি।
সমাবেশ থেকে বর্তমান সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে কালাপাকুজ্জ্যা ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান স্থানীয়রা।
উল্লেখ্য, রাঙামাটির দুর্গম ও প্রত্যন্ত এলাকার অবকাঠামোগত উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ চলমান থাকলেও লংগদুর কালাপাকুজ্জ্যা ইউনিয়নের বাসিন্দাদের দাবি, বিদ্যুৎ সংযোগ নিশ্চিত না হলে শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক জীবনমানের উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে না।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।