উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধস, নিহত বেড়ে ৫
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে একটি মাদ্রাসা ও হিফজখানার ওপর পাহাড় ধসে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আরো ৫ থেকে ৭ জনকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ব্লক এ-৩ এলাকায় অবস্থিত খদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও হিফজখানায় এ দুর্ঘটনা ঘটে।
কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান ইনচার্জ (সিআইসি) মোহাম্মদ আব্দুর রউফ সাউথইস্ট এশিয়া জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ক্যাম্প-৫-এর এ-১১ ব্লকের বাসিন্দা রাশিদা বেগম (১৩), ক্যাম্প-৩-এর এফ-১ ব্লকের বাসিন্দা উম্মে নেজাতুল (১৩) ও উম্মে সালমা (১২), এবং ক্যাম্প-৫-এর এ-৮ ব্লকের বাসিন্দা উমাইসা বিবি (১৩)। অন্যদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে রয়েছে, ক্যাম্প-৩-এর বাসিন্দা আসরা (৯), ক্যাম্প-৩-এর এফ-১ ব্লকের বাসিন্দা বেগম জান (১৫) এবং ক্যাম্প-৫-এর এ-৭ ব্লকের বাসিন্দা ফারেসা বিবি (১২)।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৪ এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল জানান, নিহত ও আহত সবাই ৭ থেকে ১০ বছর বয়সী ছাত্রী। নিহতদের মধ্যে তিনজন ক্যাম্প-৫-এর ৩ নম্বর ব্লকের এবং আহত চারজন ৫ নম্বর ব্লকের বাসিন্দা। দুর্ঘটনার সময় মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম চলছিল।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ৫ থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় রোহিঙ্গা যুবক মো. ইদ্রিস জানান, পাহাড়ধসের সময় মাদ্রাসায় ৩০ থেকে ৫০ জনের বেশি ছাত্রী কোরআন শিক্ষা নিচ্ছিল। পাহাড়ের একটি বড় অংশ ধসে হঠাৎ মাদ্রাসা ভবনের ওপর পড়ে। কয়েকজন ছাত্রী দৌড়ে বেরিয়ে আসতে পারলেও অধিকাংশ কাদা ও মাটির নিচে চাপা পড়ে। প্রাথমিকভাবে অন্তত ১০ জন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
তরুণ রোহিঙ্গা ফটোগ্রাফার ইয়াসিন আব্দু মোনাব বলেন, “ক্যাম্প-৫-এর একটি কমিউনিটি বালিকা মাদ্রাসায় ভয়াবহ ভূমিধসের সময় প্রায় ৫০ জন ছাত্রী পড়াশোনা করছিল। তাদের মধ্যে প্রায় ১০ জন তাৎক্ষণিকভাবে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও, আনুমানিক ৪০ জন ছাত্রী কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দলের সম্মিলিত প্রচেষ্টায় এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে কয়েকজন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অন্যান্যদের উদ্ধারে উদ্ধারকারী দল কাজ করছে।”
এর আগে গত রবিবার রাতে উখিয়ার ৭, ১১ ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনায় আট রোহিঙ্গার মৃত্যু হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।