ত্রাণ ও আর্থিক সহায়তা নিয়ে লামার পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ভয়াবহ পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন। উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে জোনটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া ও পাগলীর ঝিরি এলাকায় পাহাড়ধসে কয়েকটি বসতঘর মাটিচাপা পড়ে। এতে পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পাওয়ার পরপরই আলীকদম জোনের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম এবং ক্ষয়ক্ষতির প্রাথমিক মূল্যায়নে অংশ নেয়।
উদ্ধার অভিযান শেষে সেনাবাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় আলীকদম সেনা জোনের পক্ষ থেকে দুর্গত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়, যাতে তারা তাৎক্ষণিক সংকট মোকাবিলা করতে পারেন।
এছাড়া ক্ষতিগ্রস্ত বসতঘরগুলো দ্রুত মেরামত ও পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও সর্বাত্মকভাবে থাকবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
তিনি আরও বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্যোগ মোকাবিলা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় আলীকদম সেনা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।