বন্যাকবলিত দুই শতাধিক পরিবারের পাশে বাঘাইহাট জোন, বিতরণ করা হলো জরুরি খাদ্যসামগ্রী
![]()
নিউজ ডেস্ক
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন বাঘাইছড়ির বঙ্গলতলী ও রূপকারী ইউনিয়নের প্রায় দুই শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
রোববার (১২ জুলাই) বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে পরিচালিত এ মানবিক কার্যক্রমে দুর্গম ও প্লাবিত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জরুরি সহায়তা তুলে দেওয়া হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হলেও বঙ্গলতলী ও রূপকারী ইউনিয়নের অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ সম্পূর্ণ ব্যাহত হয়। ফলে স্থানীয় প্রশাসনের পক্ষে সেখানে সময়মতো জরুরি সেবা ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।
এমন পরিস্থিতিতে বাঘাইহাট জোন সরাসরি উদ্যোগ নিয়ে দুর্গম বন্যাকবলিত এলাকায় পৌঁছে প্রায় দুই শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী বিতরণ করে। ত্রাণ বিতরণের পাশাপাশি সেনাসদস্যরা দুর্গত মানুষের খোঁজখবর নেন, তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ত্রাণ ও খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এ কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত মানবিক সহায়তা তাদের দুর্ভোগ অনেকাংশে লাঘব করেছে এবং সংকট মোকাবিলায় সাহস জুগিয়েছে।
বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর চলমান দায়িত্বের অংশ। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।