বন্যার্ত মানুষের স্বাস্থ্যসেবায় আলীকদম জোন: দিনব্যাপী চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন। দুর্গত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে জোনটি।
রোববার (১২ জুলাই) বান্দরবানের আলীকদম উপজেলার ২ নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলীকদম জোনের উদ্যোগে এ বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া এবং দুর্গত এলাকায় স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ায় স্থানীয় মানুষের জন্য এই জরুরি চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।
মেডিকেল ক্যাম্পে আলীকদম জোনের মেডিকেল অফিসারের নেতৃত্বে সেনাবাহিনীর চিকিৎসক দল চিকিৎসাসেবা প্রদান করেন। দিনব্যাপী ক্যাম্পে মোট ২৩৫ জন রোগী চিকিৎসা গ্রহণ করেন। এর মধ্যে ১৩৫ জন নারী এবং ১০০ জন পুরুষ ছিলেন। নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, ত্বকের সংক্রমণ, পানিবাহিত রোগসহ বন্যা-পরবর্তী বিভিন্ন স্বাস্থ্যসমস্যার চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসার পাশাপাশি নিরাপদ পানি ব্যবহার, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং পানিবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দেন সেনাবাহিনীর চিকিৎসকরা। একই সঙ্গে রোগীদের মাঝে আনুমানিক ৬৫ থেকে ৭০ হাজার টাকা মূল্যের প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে অনেকের পক্ষে হাসপাতালে যাওয়া সম্ভব হচ্ছিল না। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী হয়েছে। তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের মানবিক দায়িত্বের অংশ। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে চিকিৎসাসেবা, ত্রাণ সহায়তা এবং অন্যান্য মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আলীকদম সেনা জোন স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যাদুর্গত মানুষের জন্য চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণ ও অন্যান্য জরুরি সহায়তা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে পরিচালনা করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।