লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
![]()
জার্নাল ডেস্ক
বান্দরবানের লামা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় এনাম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের বদুরঝিরি টার্নিং পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনাম উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুরঝিরি পাড়ার বাসিন্দা সাহাব উদ্দিনের ছেলে। আহতরা হলেন একই এলাকার মো. শাহজাহান ও বেলাল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এনামসহ তিনজন ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে লামা উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বদুরঝিরি টার্নিং পয়েন্টে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামকে মৃত ঘোষণা করেন। আহত শাহজাহান ও বেলাল হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।