কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছোটাছুটি
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে হঠাৎ আঘাত হেনেছে একটি টর্নেডো। এতে সৈকতে পর্যটকদের জন্য রাখা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে টর্নেডোটি সুগন্ধা পয়েন্টে আঘাত হানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন থেকে পাঁচ মিনিট স্থায়ী হওয়া টর্নেডোর সময় সৈকতে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন। মুহূর্তেই প্রবল ঘূর্ণিবাতাস সৈকতের চেয়ার ও ছাতাগুলো ছিটকে ফেলে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

কক্সবাজার বিচ কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, টর্নেডোটি সাগরের দিক থেকে ধীরে ধীরে বালুচরের দিকে এগিয়ে এসে সৈকতে আঘাত হানে। এতে পর্যটকদের ব্যবহারের ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে যায়।
তিনি বলেন, ঘটনাটি খুব অল্প সময়ের হলেও টর্নেডোর তীব্রতায় সৈকতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত কোনো পর্যটক বা ব্যবসায়ী হতাহত হননি।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নিশ্চিত হওয়া গেছে সৈকতে দেখা ঘূর্ণি বাতাসটি একটি দুর্বল প্রকৃতির টর্নেডো। টর্নেডো অত্যন্ত বিপজ্জনক। এর কবলে পড়লে প্রাণহানির আশঙ্কা থাকে। তাই এমন পরিস্থিতিতে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়াই সবচেয়ে জরুরি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।