সীমান্তে কোনো অবস্থাতেই পুশ-ইন মেনে নেওয়া হবে না: দিনাজপুর সেক্টর কমান্ডার
![]()
জার্নাল প্রতিবেদক
সীমান্তে পুশ-ইন সমস্যাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যন্ত গুরুত্বের সঙ্গে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন, বিজিবির দিনাজপুর সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। তিনি জানান, সরকার ও বিজিবির বক্তব্য অত্যন্ত পরিষ্কার। কোনো অবস্থাতেই বাংলাদেশে অবৈধ পুশ-ইন মেনে নেওয়া হবে না। একই সঙ্গে পার্শ্ববর্তী দেশের পুশ-ইনের এই ধরনের আচরণকে তিনি ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেন।
শনিবার (১৮ জুলাই) সকালে দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)’র ব্যবস্থাপনায় এই মানবিক চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান আরও বলেন, ‘বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদানসহ সীমান্ত এলাকায় হতদরিদ্র, বেকার যুব শক্তিকে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে তোলার মতো কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে বিজিবি।

২৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ফ্রি মেডিকেল ক্যাম্প সন্ধ্যা পর্যন্ত চলবে। এ কর্মসূচির মাধ্যমে ওই এলাকার ৬০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হবে।

- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।