উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড়ধসে তরুণী নিহত
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধসের ঘটনায় এক তরুণী নিহত এবং একই পরিবারের এক শিশু আহত হয়েছে। এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিবি হাফসা (১৯) ওই ব্লকের বাসিন্দা সমি উল্লাহর মেয়ে। আহত আব্দুল মজিদ (৩) নিহতের ভাই নুরুল ইসলামের ছেলে। তাকে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ জানান, টানা বর্ষণের কারণে পাহাড়ের মাটি দুর্বল হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায় সমি উল্লাহর বসতঘরের ওপর হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়লে দুজন মাটিচাপা পড়েন।
তিনি বলেন, স্থানীয় রোহিঙ্গা, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে বিবি হাফসা মারা যান। আহত শিশুটি চিকিৎসাধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত ৫ জুলাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আটজন এবং ৭ জুলাই পৃথক ঘটনায় আরও পাঁচজন নিহত হন। সর্বশেষ এ ঘটনায় চলতি বর্ষা মৌসুমে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৪ জন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।