কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকারবিরোধী অভিযান, ৪ নৌকা ও ২০ হাজার বর্গফুট জাল জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই লেকে অবৈধ মাছ আহরণ প্রতিরোধে অভিযান চালিয়ে ৪টি সাধারণ নৌকা এবং ২০ হাজার বর্গফুট বিভিন্ন ধরনের জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ২টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি বাজার ও বহলতলী বাজারসংলগ্ন কাপ্তাই লেকে এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে মাছ আহরণের সময় ৪টি সাধারণ নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ২ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করা হয়।
মো. জসিম উদ্দিন জানান, কাপ্তাই লেকের প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা নৌকা ও জাল বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, প্রজনন ও মাছের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কাপ্তাই লেকের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।