রামগড়ে নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে ৪৩ বিজিবির মাসিক সভা অনুষ্ঠিত
![]()
জার্নাল প্রতিবেদক
রামগড়ে নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে ৪৩ বিজিবির মাসিক সভা অনুষ্ঠিত
সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রামগড় জোন সদর দপ্তরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম।
সভায় জোন উপ-অধিনায়ক, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, হেডম্যান, কারবারি, কাঠ ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভার শুরুতে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা, নিরাপত্তা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। পরে জোন অধিনায়ক স্থানীয়দের মতামত শুনে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় তিনি বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি বা আইন-শৃঙ্খলা সংক্রান্ত ঘটনা ঘটলে তা দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
এছাড়া দায়িত্বপূর্ণ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় অংশগ্রহণকারীরা এলাকার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বিজিবির সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।