রাঙামাটির বরকলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বরকল উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কৃষি উপকরণ সরবরাহ এবং জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ফালিট্যাঙ্গাচুক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ।
সভায় উপস্থিত ছিলেন বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম, ১ নম্বর শুভলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণজ্যোতি চাকমা, বড় হরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা, ৩ নম্বর আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা,, বরকল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে শুভলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণজ্যোতি চাকমা সম্প্রতি আলোচিত গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক প্রভাব পড়েছে।
তিনি আরও বলেন, শুভলং ইউনিয়নে চোলাই মদ ও গাঁজার বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। এসব মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ভূষণছড়া ইউনিয়নের প্রশাসক মো. রেজাউল করিম বলেন, বরকল একটি কৃষিনির্ভর উপজেলা, যেখানে প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। তবে বিভিন্ন সময়ে ৪৫ ও ১২ বিজিবির মাধ্যমে কৃষকদের সার সরবরাহের ক্ষেত্রে হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে অনেক কৃষক সময়মতো প্রয়োজনীয় সার না পাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কৃষি উপকরণ সরবরাহ, জননিরাপত্তা এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।