বাংলাদেশের জুম্মদের পরিস্থিতি ও আশ্রয় প্রসঙ্গে মিজোরামে সেমিনার
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের মিজোরাম রাজ্যের রাজধানী আইজলে ‘বাংলাদেশে জুম্মদের বিলুপ্তি কীভাবে মিজোরামকে প্রভাবিত করতে পারে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি, সম্ভাব্য সীমান্ত পারাপার এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আইজলের ট্রেজারি স্কোয়ারে অবস্থিত আইঅ্যান্ডপিআর মিলনায়তনে দ্যা জৌজাম টাইমস-এর উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে. সাপডাঙ্গা। বিশেষ অতিথি ছিলেন মুখ্যমন্ত্রীর (রাজনৈতিক) উপদেষ্টা, বিধায়ক এবং জেডপিএম-এর সহ-সভাপতি লালমুয়ানপুইয়া পুন্তে।
সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী কে. সাপডাঙ্গা বলেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে মিজোরামে আশ্রয়প্রার্থী হয়ে আসা জো বংশোদ্ভূত ও অন্যান্য সম্প্রদায়ের মানুষদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সরকার, গির্জা, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রস্তুতির প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি দাবি করেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিরাপত্তার কারণে ভবিষ্যতে মিজোরামে প্রবেশের চেষ্টা করতে পারেন। এ ধরনের পরিস্থিতিতে রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দিকটিও বিবেচনায় রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে সরকার, গির্জা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে সমন্বিত প্রস্তুতি থাকা প্রয়োজন। তার মতে, এই সেমিনার সংশ্লিষ্ট মহলের মধ্যে বিষয়টি নিয়ে আরও সচেতনতা তৈরি করবে।
বিশেষ অতিথি লালমুয়ানপুইয়া পুন্তে বলেন, প্রতিবেশী অঞ্চলের মানুষের বাস্তব পরিস্থিতি এবং তারা কী কারণে মিজোরামে প্রবেশ করতে পারেন, সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা জরুরি। তিনি এ ধরনের সময়োপযোগী সেমিনার আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান।
দ্যা জৌজাম টাইমসের সম্পাদক তুইখুয়াহথাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিজোরাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. লালরিননুঙ্গা মার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাছুংঙা ইউনিভার্সিটি কলেজের সহযোগী অধ্যাপক ড. লালথ্লামুয়ানা রালতে।
মূল প্রবন্ধে ড. লালরিননুঙ্গা মার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের পক্ষে মত প্রকাশ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের একযোগে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মিজোরাম সরকারের সহযোগিতা কামনা করেন।
সেমিনারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দলের প্রতিনিধি, এমজেডপি, এমএসইউ, বিভিন্ন জাতিভিত্তিক ছাত্র সংগঠন, কলেজ ছাত্র সংসদের প্রতিনিধি, গবেষক, আগ্রহী ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।