বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপনে অংশ নেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে মাছরাঙা টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল আবছার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিলটন মহুরী, জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি অং চ মং এবং বান্দরবান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে মাছরাঙা টেলিভিশনের ১৬তম বছরে পদার্পণকে স্বাগত জানান। পরে শুভেচ্ছা বক্তব্যে বক্তারা দেশের গণমাধ্যমে মাছরাঙা টেলিভিশনের অবদান তুলে ধরে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বক্তারা বলেন, গত দেড় দশকে মাছরাঙা টেলিভিশন দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করেছে। জাতীয় ইস্যুর পাশাপাশি পার্বত্য জেলা বান্দরবানের উন্নয়ন, পর্যটন, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, সম্ভাবনা ও মানুষের জীবনঘনিষ্ঠ নানা বিষয় তুলে ধরতেও চ্যানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মাছরাঙা টেলিভিশন সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে পার্বত্য অঞ্চলের ইতিবাচক পরিবর্তন, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে প্রচার করবে।
আলোচনা সভা শেষে অতিথিরা মাছরাঙা টেলিভিশনের দীর্ঘায়ু, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক ও কলাকুশলীদের শুভেচ্ছা জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।