মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী, সচেতনতা কর্মসূচি ও পুরস্কার বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
“মায়ের দুধই শিশুর সর্বোত্তম পুষ্টি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় সভা, প্রচার-প্রচারণা ও শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার (৯ আগস্ট ২০২৬) সকাল ১১টায় মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক বাস্তবায়নে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. মঞ্জুরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্টা চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা।
বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন ও সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মায়ের দুধ শিশুর জন্য সবচেয়ে নিরাপদ, প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার। জন্মের পর শিশুকে মায়ের দুধ খাওয়ানোর গুরুত্ব সম্পর্কে পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানো প্রয়োজন। মায়ের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থভাবে বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা বলেন, শুধু মায়েদের নয়, পরিবারের অন্যান্য সদস্যদেরও মাতৃদুগ্ধ পানের উপকারিতা ও সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম এলাকার পরিবারগুলোর মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়া দরকার।

আয়োজকেরা জানান, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত মহালছড়ি উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে নবজাতক ও শিশুদের পুষ্টি, মায়ের দুধের গুরুত্ব এবং শিশুর সুস্থ বিকাশে মাতৃদুগ্ধের ভূমিকা সম্পর্কে পরিবারগুলোর মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নে তিনজন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শ্রেষ্ঠী চাকমা প্রথম, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুনুতম বড়ুয়া দ্বিতীয় এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী দিপান্বিতা দত্ত তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠানের শেষপর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতেও শিশু ও অভিভাবকদের নিয়ে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মহালছড়ি উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।