তিন পার্বত্য জেলার মধ্যে এসএসসিতে সেরা রাঙামাটির লেকার্স, জিপিএ-৫ পেয়েছেন ৫৯ জন
![]()
জার্নাল প্রতিবেদক
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে তিন পার্বত্য জেলার মধ্যে সেরা সাফল্য অর্জন করেছে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শতভাগ পাসের পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রতিষ্ঠানটি ষষ্ঠ স্থান অর্জন করেছে।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষায় মোট ১৬১ জন শিক্ষার্থী অংশ নেয়। সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা মোট পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৬৪ শতাংশ।
ফল প্রকাশের পর প্রতিষ্ঠান প্রাঙ্গণে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। কৃতী শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান অধ্যক্ষ।
শিক্ষার্থীরা বলছে, এই সাফল্যের পেছনে শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও নিয়মিত একাডেমিক সহযোগিতার পাশাপাশি পরিবারের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শিক্ষার্থী জুঁই চাকমা বলেন, “আমাদের শিক্ষকরা পড়াশোনার ক্ষেত্রে সবসময় আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। পরিবার থেকেও পেয়েছি সর্বোচ্চ সহযোগিতা। নিজেদের পরিশ্রম, শিক্ষক ও পরিবারের সহযোগিতার ফলেই আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি।”
শিক্ষক তুষার কান্তি দাশ বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি নিয়মিত পাঠদান, একাডেমিক তদারকি এবং পরীক্ষার প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, “তিন পার্বত্য জেলার মধ্যে প্রথম এবং চট্টগ্রাম বোর্ডে ষষ্ঠ স্থান অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কাজ করে যাবে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।