রামগড়ে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকালে রামগড় পৌরসভার দক্ষিণ সদুকার্বারীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হেলাল হোসেন ওই এলাকার আমীর হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, গত শনিবার পাশের বাড়ির এক নারীর মাটির ব্যাংক চুরির ঘটনায় হেলালকে অভিযুক্ত করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হেলাল দায় স্বীকার করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে ক্ষমা চাইলেও বিষয়টি নিয়ে তাকে থানায় দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি।
নিহতের বাবা আমীর হোসেন জানান, সোমবার সকালে হেলালের মা গামছা খুঁজতে গিয়ে ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজার ফাঁক দিয়ে ছেলের নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখা যায়। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা খুলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, হেলাল রোববার রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের সামনের কক্ষে নিয়ে রাখেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।