রূপগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ মানুষ
![]()
জার্নাল প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সামাজিক ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) প্রকল্পের ৪ নম্বর সেক্টরসংলগ্ন হরিনাগঞ্জ এলাকায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় ৮ শতাধিক মানুষ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন।
ক্যাম্পে হরিনা, রূপগঞ্জ, মাইলাবো, ইসাখালি ও মাঝিনাসহ আশপাশের বিভিন্ন গ্রামের নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসা নিতে আসেন। স্থানীয় পর্যায়ে এমন একটি উদ্যোগে বিপুলসংখ্যক মানুষ অংশ নেওয়ায় দিনভর ক্যাম্প এলাকায় ছিল প্রাণচাঞ্চল্য।
মেডিকেল ক্যাম্পে শিশুরোগ বিশেষজ্ঞ মেজর মার্জিয়া আফরিনের নেতৃত্বে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকরা রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
দুর্গম বা অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত এলাকার সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের জন্য স্থানীয় পর্যায়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় উপকৃত হয়েছেন এলাকার বিপুলসংখ্যক মানুষ।
জলসিঁড়ি আবাসন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, স্থানীয় জনগণের সুবিধা এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে নিয়মিত বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শুধু স্বাস্থ্যসেবা নয়, স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিভিন্ন সমস্যার সমাধানেও এর আগে উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার জলাবদ্ধতা নিরসনে বৈরাগবাড়ি ও মাইলাবো গ্রামে খাল খনন এবং পানি নিষ্কাশনব্যবস্থা সংস্কারের কাজ সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্টরা বলছেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় মানুষের স্বাস্থ্য, পরিবেশ ও জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ সামাজিক সম্পৃক্ততার একটি ইতিবাচক দৃষ্টান্ত। চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ এবং জলাবদ্ধতা নিরসনের মতো কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।