চকরিয়ায় বাস-জেটু গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে যাত্রীবাহী বাস ও চার চাকার জেটু গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), শিয়াপাড়া এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রফিক (২৮) এবং ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।
এর মধ্যে জসিম উদ্দিন মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে এবং অপর তিনজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহতরা হলেন, ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস মাদ্রাসাপাড়া এলাকার আব্দুল সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার (১৯), একই এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৫) এবং টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকার মো. রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)। তারা কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান জানান, সকালে নম্বরবিহীন একটি চার চাকার জেটু গাড়ি যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী লাল-সবুজ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বলেন, সংঘর্ষে জেটু গাড়িটির ছাদ খুলে যায় এবং গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ নয়জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল এবং মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।
এসআই শামসুজ্জামান আরও জানান, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।