কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা

কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা

কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেলে স্থলপথ পাড়ি দিয়ে নেপালের দুর্গম হিমালয় অঞ্চলে যাওয়ার অভিযানে নেমেছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের তরুণ অভিযাত্রী, সাইক্লিস্ট ও সমাজসেবক বীর কুমার তনচংগ্যা। ‘সি টু হিমালয়াস (Sea to Himalayas)’ নামের এই অভিযানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে রবিবার (১৬ আগস্ট) সকালে।

রবিবার সকাল ৮টা ৩৯ মিনিটে কক্সবাজারের কবিতা চত্বর বিচে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের মধ্য দিয়ে অভিযানের সূচনা করেন বীর কুমার। এ সময় তাঁর সঙ্গে ছিল বাংলাদেশের লাল-সবুজের পতাকা।

এই অভিযানের মাধ্যমে কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেলে স্থলপথে নেপালে পৌঁছে চারটি দুর্গম ও চ্যালেঞ্জিং ট্রেইল—মানাসলু সার্কিট, অন্নপূর্ণা সার্কিট, অন্নপূর্ণা বেস ক্যাম্প (এবিসি) এবং এভারেস্ট বেস ক্যাম্প (ইবিসি)—অতিক্রম করার লক্ষ্য নিয়েছেন তিনি।

বীর কুমারের পরিকল্পনা অনুযায়ী, কক্সবাজার থেকে সাইকেলে প্রথমে ঢাকার দিকে যাবেন তিনি। এরপর পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হয়ে নেপাল সীমান্তে পৌঁছানোর কথা রয়েছে।

বীর কুমার বলেন, সাধারণত বাংলাদেশি অভিযাত্রীরা বিমানে নেপালে গিয়ে সেখান থেকে সাইকেল অভিযান শুরু করেন। তবে তিনি এবার ব্যতিক্রমীভাবে বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠ কক্সবাজার থেকে সাইকেলে স্থলপথে নেপালে পৌঁছে পুরো অভিযান সম্পন্ন করতে চান।

তাঁর ভাষ্য, এই অভিযান শুধু ব্যক্তিগত স্বপ্ন পূরণের জন্য নয়; আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা, সৌন্দর্য ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি দেশের অ্যাডভেঞ্চার পর্যটনের সম্ভাবনাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরাই এর অন্যতম উদ্দেশ্য।

দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রস্তুতির পর শুরু হয়েছে এই অভিযান। প্রয়োজনীয় অনুমতি, ভিসা ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কাপ্তাই, রাঙামাটি, খাগড়াছড়ি ও ঢাকায় একাধিকবার যেতে হয়েছে তাঁকে। নানা প্রতিবন্ধকতা ও আর্থিক সংকটের মধ্যেও নিজের স্বপ্ন বাস্তবায়নে প্রস্তুতি চালিয়ে গেছেন তিনি।

অভিযানের প্রস্তুতিতে দেশের পরিচিত সাইক্লিস্ট রাকিবুল ইসলাম এবং পর্বতারোহী বাবর আলীর সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বীর কুমার।

তিনি বলেন, “এই অভিযান শুধু ব্যক্তিগত স্বপ্ন পূরণের জন্য নয়। বিশ্বের সামনে বাংলাদেশের সক্ষমতা, সৌন্দর্য ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার একটি প্রয়াস। একই সঙ্গে দেশের অ্যাডভেঞ্চার পর্যটনের সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করাও আমার অন্যতম উদ্দেশ্য।”

বীর কুমার তনচংগ্যা দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি কাপ্তাই ব্লাড ব্যাংক ও ওয়াগ্গা ভলান্টিয়ারের প্রতিষ্ঠাতা। স্বেচ্ছায় রক্তদান, মানবসেবা এবং জলবায়ু ন্যায্যতা বিষয়ে জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমেও তিনি যুক্ত রয়েছেন।

তবে এবারের অভিযানে তাঁর সামনে রয়েছে একাধিক কঠিন চ্যালেঞ্জ। এর মধ্যে অন্যতম হলো ৯০ দিনের সার্ক স্টিকার ভিসার সময়সীমার মধ্যে পুরো অভিযান শেষ করা এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করা। এ জন্য করপোরেট প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, শুভানুধ্যায়ী ও দেশবাসীর সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা কামনা করেছেন তিনি।

কক্সবাজার থেকে বীর কুমারের অভিযাত্রা শুরুর খবর ছড়িয়ে পড়ার পর কাপ্তাই ও রাঙামাটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভকামনা জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘ ও কঠিন এই অভিযানে তিনি নিরাপদে সফল হবেন এবং বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে আনবেন।

তাঁদের প্রত্যাশা, হিমালয়ের দুর্গম পথেও বাংলাদেশের লাল-সবুজের পতাকা বীর কুমারের অভিযানের প্রতীক হয়ে উঠবে।

আগেও সাইকেলে পাড়ি দিয়েছেন হাজারো কিলোমিটার

বীর কুমার তনচংগ্যার এটি প্রথম বড় ধরনের আন্তর্জাতিক সাইকেল অভিযান নয়। এর আগে তিনি সাইকেলে ভারতের ১০টি রাজ্য ভ্রমণ করেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে প্রায় ৭১ দিনে ৫ হাজার ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করে ২০২৪ সালের মার্চে দেশে ফেরেন তিনি।

এ ছাড়া বাংলাদেশের দীর্ঘতম ক্রস-কান্ট্রি রুট টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং দেশের ৬৪টি জেলা সাইকেলে পরিভ্রমণের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

এবার সমুদ্রপৃষ্ঠ থেকে হিমালয়ের পথে তাঁর ‘সি টু হিমালয়াস’ অভিযান সেই অভিজ্ঞতারই আরও বড় ও কঠিন পরীক্ষা। দেশবাসীর দোয়া ও সহযোগিতা নিয়ে নিরাপদে অভিযান সম্পন্ন করে বাংলাদেশের নাম আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার অঙ্গনে তুলে ধরতে চান কাপ্তাইয়ের এই তরুণ অভিযাত্রী।

ছবির ক্যাপশন: কক্সবাজারের কবিতা চত্বর বিচ থেকে রবিবার সকাল ৮টা ৩৯ মিনিটে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের মধ্য দিয়ে ‘সি টু হিমালয়াস’ অভিযানের যাত্রা শুরু করেন কাপ্তাইয়ের অভিযাত্রী বীর কুমার তনচংগ্যা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed