জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রামগড়ে র্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত
![]()
জার্নাল প্রতিবেদক
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম, উপজেলা জামায়াতে ইসলামির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং এনসিপি উপজেলা সমন্বয়ক হারুনুর রশিদসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের টেকসই উন্নয়নে মাছের উৎপাদন বৃদ্ধি, প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় মৎস্যচাষি ও খামারিদের টেকসইভাবে মাছের উৎপাদন বাড়ানো, মাছের প্রজনন সংরক্ষণ এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
পরে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে রামগড় লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপজেলার সিআইজি ও নন-সিআইজি সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।