পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, সফল মাছচাষিদের সম্মাননা
![]()
জার্নাল প্রতিবেদক
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন, আলোচনা সভা এবং সফল মাছচাষি ও মৎস্যসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস অহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাছেদ মিয়া এবং পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছচাষ সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বাড়াতে মৎস্যচাষিদের আরও উৎসাহিত করা প্রয়োজন। এতে একদিকে মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, পাহাড়ি অঞ্চলে মৎস্যচাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সরকারি প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সহযোগিতা কাজে লাগিয়ে স্থানীয় উদ্যোক্তারা মাছের উৎপাদন আরও বাড়াতে পারেন। এ ক্ষেত্রে সফল চাষিদের অভিজ্ঞতা অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে পানছড়ির সফল মাছচাষিদের কর্মকাণ্ড ও মৎস্য খাতে তাদের অবদানের কথা তুলে ধরে স্বীকৃতি দেওয়া হয়। সফল মাছচাষি হিসেবে মো. ইব্রাহিম, অংলাপ্রু মারমা ও খুদেজা বেগমের কর্মকাণ্ড বিশেষভাবে তুলে ধরা হয়।
এ ছাড়া সফল মৎস্যচাষি হিসেবে কংচাইরীপাড়া একতা মৎস্যচাষি সমিতি, পাইটল ফার্ম গ্রামের মো. আবু তালেব এবং জিয়নগরের মো. মহিন উদ্দিনকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যচাষি এবং মৎস্যসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে এ ধরনের কর্মসূচি স্থানীয় পর্যায়ে মাছচাষে আগ্রহ বাড়ানোর পাশাপাশি সফল উদ্যোক্তাদের স্বীকৃতি ও নতুন চাষিদের উৎসাহিত করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।