বান্দরবানের লামায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
![]()
জার্নাল প্রতিবেদক
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে লামা উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আমির হোসেন আমু, সাবেক উপজেলা বিএনপি সভাপতি আবদুর রব, জামায়াতে ইসলামী লামা উপজেলার আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রভোজ বড়ুয়া, এনসিপির সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান এবং মৎস্যজীবী দলের সভাপতি ফখরুজ্জামানসহ সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, লামা উপজেলার মৎস্যসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন আরও বাড়ানোর সুযোগ রয়েছে। একই সঙ্গে মানুষের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে মৎস্যচাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা মৎস্যচাষিদের সার্বিক সহযোগিতা প্রদান এবং মৎস্য খাতে নতুন নতুন উদ্যোগ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে লামা উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষি ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে মৎস্যচাষে আগ্রহ বৃদ্ধি এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবহারে জনসচেতনতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।