লামায় পাড়াকেন্দ্রে আগুন, বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের পুইট্যাঝিরি পাড়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও স্থানীয় শিশুদের পড়াশোনার জন্য ব্যবহৃত একটি পাড়াকেন্দ্রে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও জানমালের নিরাপত্তা চেয়ে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. আব্দুল কালাম।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে আবুল হোসেন ওরফে আবুল নামে এক ব্যক্তি স্থানীয় একটি বসতবাড়িতে প্রবেশ করে বাতি ও আসবাবপত্র ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়। এ সময় তিনি ঘরে থাকা নারীদের বের করে দেওয়ার চেষ্টা এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, একই রাতে আনুমানিক ৩টার দিকে স্থানীয় শিশুদের শিক্ষাদানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি ‘পাড়াকেন্দ্র’ স্কুলে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে কেন্দ্রটি সম্পূর্ণ পুড়ে যায়। ফলে ওই এলাকার কোমলমতি শিশুদের পড়াশোনা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে এর আগেও শালিসি বৈঠক হয়েছে। তবে তিনি শালিসের সিদ্ধান্ত না মেনে এলাকায় বাড়িঘরে আগুন দেওয়া এবং স্বপরিবারে হত্যার হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেছেন তারা।

এ ঘটনায় পুইট্যাঝিরি পাড়ার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীরা জানান, বর্তমানে তারা নিজেদের জানমাল নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির এসআই দীপেন বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে স্কুল কর্তৃপক্ষের কোনো অভিযোগ পাইনি। এ বিষয়ে আমাদের তদন্ত টিম কাজ করছে।”
ঘটনার পর পাড়াকেন্দ্রটি পুনর্নির্মাণ এবং শিশুদের পড়াশোনা স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।