মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, চিকিৎসা পেলেন আড়াইশ মানুষ
![]()
জার্নাল প্রতিবেদক
সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা জোনের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান এবং উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যসেবা কর্মসূচিতে দুর্গম এলাকার প্রায় আড়াইশ পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা নেওয়া রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
রোগীদের চিকিৎসা দেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিয়া। তারা রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন।
একই অনুষ্ঠানে বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। তাদের এই আনন্দে সামিল হন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।”
তিনি বলেন, দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয় বাসিন্দারা মাটিরাঙ্গা জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার অনেক মানুষ নানা কারণে নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। স্থানীয় পর্যায়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। একইভাবে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী দেওয়ায় তাদের পড়াশোনায় আগ্রহ আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও জীবনমান উন্নয়নে মাটিরাঙ্গা জোনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।