কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে বিরল প্রজাতির ‘হোয়াইট-বার্ড কুকরি’ (White-barred Kukri) সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি নির্বিষ বলে জানিয়েছেন উদ্ধারকারী।
সোমবার (১৭ আগস্ট) উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম ১ নম্বর গেইটের নিরাপত্তা অফিস এলাকায় সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ‘ওয়াইল্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর কাপ্তাই ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি ইমরান হোসেন ইমন ঘটনাস্থলে গিয়ে সাপটি নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারকারী ইমরান হোসেন ইমন জানান, সাপটি স্থানীয়ভাবে ‘পাকড়া উদয়কাল’ এবং ইংরেজিতে White-barred Kukri নামে পরিচিত। এটি নির্বিষ এবং সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়। বিরল প্রজাতির হওয়ায় বর্তমানে সাপটিকে তাঁর হেফাজতে নিরাপদে রাখা হয়েছে।
তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তীতে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এরপর বন বিভাগের ব্যবস্থাপনায় সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা করা হবে।
বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ইমরান হোসেন ইমন বলেন, লোকালয়ে এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে সংশ্লিষ্ট সাপ উদ্ধারকারী দল বা বন বিভাগকে খবর দেওয়া উচিত। এতে বিরল প্রজাতির বন্যপ্রাণী রক্ষা করা সম্ভব হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।