টেকনাফগামী প্রাইভেটকারে ২৮৪ ক্যান বিয়ার, শীলখালী চেকপোস্টে যুবক আটক
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শীলখালী বিজিবি চেকপোস্টে একটি যাত্রীবাহী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আজিজুল হক (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আটক আজিজুল হক টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
বুধবার (১৯ আগস্ট) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী প্রাইভেটকার। গাড়িটি শীলখালী বিজিবি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা সেটিতে তল্লাশি চালান।
তল্লাশির একপর্যায়ে প্রাইভেটকারের পেছনের বক্সে রাখা একটি ব্যাগের ভেতর থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা চালক ও অন্যান্য যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হলে বিয়ার পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যাত্রী আজিজুল হককে আটক করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল হক কক্সবাজার থেকে বিয়ারগুলো কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।
পরে প্রাইভেটকারটিতে আরও ব্যাপকভাবে তল্লাশি চালানো হলেও বিয়ার ছাড়া অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধেও বিজিবি দৃঢ়ভাবে কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।