চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০১ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ২
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া বাজারের দক্ষিণ পাশের ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বাঙালহালিয়া বাজারের দক্ষিণ পাশের ব্রিজের ওপর অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মদ পরিবহনের অভিযোগে সিএনজিতে থাকা দুইজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদলা এলাকার জয় নগর পাড়ার বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে মো. রনি হোসেন (২২) এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জাহেদ হোসাইন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, চোলাই মদগুলো সিএনজি অটোরিকশায় করে পরিবহন করা হচ্ছিল। অভিযানের পর উদ্ধার করা মদ ও পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
চন্দ্রঘোনা থানার ওসি এম শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মদ ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।