মহালছড়িতে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড, অর্থদণ্ড
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মহালছড়িতে মাদকাসক্ত হয়ে পরিবার ও স্থানীয়দের হয়রানি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে মো. আবু নবী (৩৭) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত আবু নবী উপজেলার নার্সারীপাড়া গ্রামের মৃত হাবিজুর রহমানের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত অবস্থায় আবু নবী নিজ বাড়িতে মাতলামি করতেন। এ সময় স্ত্রী-সন্তানদের মারধর, স্থানীয় বাসিন্দাদের হয়রানি এবং সামাজিক পরিবেশ ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয়দের অভিযোগের পর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে মহালছড়ি থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। এ সময় মহালছড়ি প্রেসক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী বলেন, “মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে মহালছড়িতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মাদক, সন্ত্রাস, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়—এমন যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে। একই সঙ্গে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।