টেকনাফে বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারের আগে ৫৩ বস্তা সারসহ নৌকা জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সারসহ একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নাফ নদীতে অভিযান চালিয়ে এসব সার ও নৌকা জব্দ করা হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সাবরাং বিওপিতে স্থাপিত রাডারের মাধ্যমে নাফ নদীতে একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি শনাক্ত করা হয়।
বিজিবির তথ্যমতে, গত ২০ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে সাবরাং বিওপির রাডারে দায়িত্বপূর্ণ নাফ নদী এলাকায় সন্দেহজনক নৌযানটির গতিবিধি ধরা পড়ে। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সাবরাং বিওপির একটি আভিযানিক দল দ্রুত সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ওবিএম পোস্টসংলগ্ন নাফ নদীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা জব্দ করা হয়। পরে নৌকাটিতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৫৩ বস্তা সার পাওয়া যায়।
বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়ন প্রচলিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও রাডার ব্যবহার করে নাফ নদীতে সন্দেহজনক নৌযান ও চোরাচালান কার্যক্রম শনাক্তে সার্বক্ষণিক তৎপর রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি বলেন, সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দ করা সার ও ইঞ্জিনচালিত সাম্পান নৌকার বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।