ভেজাল ও অবৈধ কীটনাশক রোধে লংগদুতে কৃষি বিভাগের মতবিনিময়
![]()
জার্নাল প্রতিবেদক
ভেজাল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ কীটনাশকের বাজারজাতকরণ বন্ধ এবং কৃষকদের কাছে মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে রাঙামাটির লংগদুতে খুচরা ও পাইকারি কীটনাশক ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টারের হলরুমে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সব খুচরা ও পাইকারি কীটনাশক ডিলার অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিফ রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন।
এ সময় লংগদু হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ, উপসহকারী কৃষি কর্মকর্তা রতন চৌধুরীসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন এলাকার কীটনাশক ডিলাররা উপস্থিত ছিলেন।
সভায় কৃষিতে নিরাপদ ও সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অনুমোদিত ও মানসম্মত কৃষি উপকরণ বিক্রি, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বাজারজাতকরণ প্রতিরোধ এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বাড়াতে কীটনাশকের প্রয়োজন থাকলেও এর অনিয়ন্ত্রিত ও ভুল ব্যবহার কৃষি, পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে ভেজাল ও নিম্নমানের কীটনাশক ব্যবহারে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসলের গুণগত মানও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে কৃষকদের কাছে কীটনাশক বিক্রির ক্ষেত্রে অনুমোদন, মেয়াদ, মান ও ব্যবহারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য ডিলারদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে কৃষকদেরও অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কৃষি উপকরণ কেনা এবং কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী কীটনাশক ব্যবহারের বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিফ রহমান বলেন, কৃষকদের কাছে নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দিতে ডিলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষি বিভাগের নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা এবং কৃষকদের সঠিক পরামর্শ দেওয়ার মাধ্যমে কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি ভেজাল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ বিক্রি থেকে বিরত থাকার পাশাপাশি কৃষকদের সচেতন করতে ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে কৃষি বিভাগ ও কীটনাশক ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।